সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সচিব সভায় সরকারের নীতিনির্ধারণ, বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। এবারের বৈঠকেও সরকারি কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে- এমন বিষয়গুলো গুরুত্ব পাবে।
সভায় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে- এমন বিভিন্ন অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে।
বৈঠকের আলোচ্যসূচিতে আরও রয়েছে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’। এ কৌশলপত্রের বিভিন্ন দিক নিয়ে সচিবদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সরকারের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ও সভায় উপস্থাপন ও পর্যালোচনা করা হবে।
সচিব সভার নির্ধারিত আলোচ্যসূচির বাইরে প্রয়োজন অনুযায়ী বিবিধ বিষয়ও বৈঠকে উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/এসকে