সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ সামনে আসায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে। এ ধরনের ভুয়া অনলাইন যোগাযোগে সাড়া না দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়।
বার্তায় জানানো হয়েছে, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো অনলাইন মাধ্যমে যোগাযোগ করে কারও কাছে টাকা, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। ব্যাংক হিসাবের তথ্য বা কার্ডের নম্বর চাওয়ার মতো কোনো অনুরোধও দূতাবাসের পক্ষ থেকে করা হয় না।
দূতাবাস জানিয়েছে, কেউ যদি মার্কিন কূটনীতিকের পরিচয় ব্যবহার করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে ওই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা কথোপকথনে জড়ানো উচিত নয়। একই সঙ্গে কোনো অনুরোধ, প্রলোভন বা প্রস্তাবের ভিত্তিতে অর্থ পাঠাতেও নিষেধ করা হয়েছে।
অনলাইনে এমন ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি অ্যাকাউন্ট বা প্রোফাইলের বিষয়ে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রতারণার সম্ভাব্য ফাঁদ এড়াতে সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস