সরকার দায়িত্ব নেওয়ার পর ২১২ দিনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তার ভাষ্য, এরই মধ্যে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটও নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনজীবনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। তার দাবি, এরই মধ্যে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সংকট নিয়ন্ত্রণে চলে এসেছে।
তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও ২০২২ সালে বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্কুল ও অফিসের সময় কমিয়ে আনার মতো পদক্ষেপ নিতে হয়েছিল। এর সঙ্গে বর্তমান সরকারের সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের তুলনা তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্কতার কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সালেহ শিবলী বলেন, বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর দৈনন্দিন জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, ১৫০ টাকার সাধারণ খাবার খাওয়া কোনো বড় বিষয় নয়। বরং প্রধানমন্ত্রীর কাজ ও দায়িত্ব পালনের ধরন থেকেই ক্ষমতাকে ভোগের পরিবর্তে দায়িত্ব হিসেবে দেখার বিষয়টি প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তার দাবি, এর মাধ্যমে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরেছে এবং সরকারপ্রধান সাধারণ মানুষের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন।
সদ্য সংবাদ/এসকে