সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে অপপ্রচার ঠেকাতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে স্বাধীনতার পাশাপাশি তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, সঠিক তথ্যের পরিবর্তে বিভ্রান্তিকর বা জোড়াতালি দেওয়া তথ্য প্রচার হলে তা জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে।
বিভিন্ন অপপ্রচারের উদাহরণ তুলে ধরে তিনি একটি মন্দিরসংক্রান্ত প্রচারের কথা উল্লেখ করেন। তার দাবি, নতুন সংস্কারের জন্য একটি মন্দির ভেঙে ফেলার তথ্য প্রচার করা হলেও বাস্তবে সরকার ওই মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের বাইরে ও দেশের ভেতরে কিছু ব্যক্তি বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করছেন বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
সরকারের কর্মকাণ্ডের ফল পেতে সময় লাগবে উল্লেখ করে আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার এখনও ছয় মাস পূর্ণ হয়নি। তাই সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল পেতে জনগণকে ধৈর্য ধরতে হবে।
গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, বর্তমানে গ্যাস-বিদ্যুতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের উন্নয়ন ও সরকারের কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ ও সহকারী প্রেস সচিব নাজমুল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে