ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান মাহদী আমিন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
এ ছাড়া বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এসব বিষয়ে গঠনমূলকভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে মত দেন।
সাক্ষাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মত দেন বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা।
সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে