ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে একই দিন সকালে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবকে ডিবিতে নেওয়া হয়েছে। এর বেশি তথ্য এ মুহূর্তে তাঁর কাছে নেই। বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে ওসি রাকিবুলের নামে প্রচারিত একটি অডিও নিয়ে এর আগে আলোচনা তৈরি হয়েছে। ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ সদস্যরা খুবই দুর্বল। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তারা কিছুই করতে পারবে না।
অডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। পাশাপাশি পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়। সূত্র: জাগোনিউজ২৪
সদ্য সংবাদ/ এআর