দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের দক্ষতা কার্যক্রমকে আরও সমন্বিত করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা ও সমন্বয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনএসডিএর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন তারেক রহমান।
সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি, বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ দেশের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষতা উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের পরিকল্পনা ও সমন্বয় করে থাকে। দক্ষতার মানোন্নয়ন, সনদায়ন এবং সরকারি-বেসরকারি ও শিল্পখাতের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
সভায় এসব কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসকে