দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এর যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম। একই সঙ্গে তেলের মূল্যবৃদ্ধির পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
জ্বালানি তেলের নতুন দাম প্রসঙ্গে তিনি বলেন, মূল্য বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশের জ্বালানি তেলের দাম এখনো কম রয়েছে।
এ সময় বিরোধীদের কর্মসূচি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। রিজভীর অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব না দিয়ে বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করছে।
তিনি বলেন, এ বিষয়ে বিরোধী পক্ষ যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা সমীচীন নয়।
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রিজভী বলেন, সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। তবে তাঁর দাবি, বিরোধীরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এর আগে ২০ সেপ্টেম্বর সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আর্থিক চাপ কমাতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে