জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়া নির্ধারণে পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের নিয়ে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, পরিবহন পরিচালনার ব্যয় এবং যাত্রীভাড়া সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিআরটিএতে জরুরি বৈঠক চলছে। তবে বৈঠক থেকে এখনো বাসভাড়ার নতুন হার নির্ধারণ হয়নি।
তিনি বলেন, জ্বালানি তেলের পাশাপাশি পরিবহন খাতের অন্যান্য উপকরণের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিআরটিএ বাসভাড়া পুনর্নির্ধারণ করবে বলে তারা আশা করছেন।
বিআরটিএর এক উপপরিচালকও জানান, ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে রোববার রাতে সরকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করে। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা করা হয়েছে। এসব দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। ফলে এক লিটার ডিজেলের দাম বেড়েছে ২০ টাকা।
বাসসহ দেশের বড় একটি অংশের গণপরিবহন ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ব্যয়ে পড়তে পারে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বাসভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ।
বৈঠক শেষে নতুন ভাড়ার হার ও তা কার্যকরের সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সদ্য সংবাদ/এসকে