জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনের ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টা।
ভাষণ দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তৈরি অস্তিত্বগত সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পরে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির ওপর আয়োজিত আরেকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী সমাপনী বক্তব্য দিতে পারেন।
বৃহস্পতিবারের কূটনৈতিক কর্মসূচিতে আরও রয়েছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও ফটোসেশন। দুপুর ১টা ১০ মিনিটে এ কর্মসূচি হওয়ার কথা। এরপর দুপুর ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পরে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত জাতিসংঘের ‘ইউএন বাইল্যাটেরাল বুথে’ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
সাধারণ পরিষদে ভাষণ শেষ করে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশের স্থায়ী মিশন অথবা নিউইয়র্কে অবস্থানের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে ফিরবেন। রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর)ও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সকালে ম্যানহাটনে জেপি মরগানের প্রধান কার্যালয়ে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রতিষ্ঠানটির আয়োজিত প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন তিনি। সকাল ১১টায় কুয়েতের স্থায়ী মিশনে দেশটির ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।
দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক প্রবণতা ও বিভিন্ন ঝুঁকি নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে। মধ্যাহ্নভোজের পর হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে কুয়েতের ক্রাউন প্রিন্সসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সফর শেষে শুক্রবার রাত ১১টায় নিউইয়র্কের স্থানীয় সময় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাইয়ে পৌঁছানোর পর পরদিন রাত ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
সদ্য সংবাদ/ এআর