চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির তথ্য অনুযায়ী, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সদ্য সংবাদ/এসএস