জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্পিকার বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের সংসদীয় যোগাযোগ আরও বাড়াতে সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন স্পিকার। একই সঙ্গে দেশের তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন খাতে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের উৎপাদন খাত, আইসিটি ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশকে এ অঞ্চলের একটি উৎপাদনভিত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীন আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর, জ্বালানি খাত ও দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বাংলাদেশের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন স্পিকার। পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় ফোরামে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে চীনের সহযোগিতাও কামনা করেন তিনি।
সাক্ষাতের একপর্যায়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান স্পিকার। বৈঠকে চীনা দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস