জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার মধ্য দিয়ে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রাতরাশ শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, দিনের অন্যান্য কর্মসূচিতেও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ ও বৈঠকের আয়োজন রয়েছে।
জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি ভাষণ দেবেন। এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বক্তব্য।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও রয়েছে। বিশ্বনেতাদের সঙ্গে এসব বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস