জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব, স্বাগত জানালেন রোহিঙ্গারা

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪০:৩১
ছবি: সংগৃহীত

কক্সবাজারের শরণার্থীশিবিরে দীর্ঘ অপেক্ষার অবসান চান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। মিয়ানমারে নিরাপদ পরিবেশ, নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। সংগঠনটির নেতারা বলছেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতির পাশাপাশি এখন প্রত্যাবাসন বাস্তবায়নের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উখিয়ার বালুখালী ক্যাম্প-১৫ এলাকায় আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন রোহিঙ্গারা। ইউসিআরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ক্যাম্প থেকে সহস্রাধিক রোহিঙ্গা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনা করে আসছে। কিন্তু বাস্তবে নিজ দেশে ফেরার পথ এখনো তৈরি হয়নি। ফলে এবার জাতিসংঘের অধিবেশন থেকে তারা শুধু আশ্বাস নয়, প্রত্যাবাসন বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছেন।

ইউসিআর প্যানেলের সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তার ভাষ্য, মিয়ানমারে ফিরে গিয়ে রোহিঙ্গারা যাতে আবারও নিরাপত্তাহীনতার মধ্যে না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসনের আগে নিরাপত্তা, মৌলিক অধিকার ও মর্যাদার নিশ্চয়তা থাকা জরুরি। একই সঙ্গে পুরো প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য ও সময়সীমাবদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংগঠনটির আরেক সদস্য মৌলভী সৈয়দ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করে ক্যাম্পে বসবাস করছেন। মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন হলেও এটিকে স্থায়ী সমাধান হিসেবে দেখা যাবে না। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিস্থিতি তৈরিই হতে হবে সংকট মোকাবিলার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি ন্যায়বিচার ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মিয়ানমারে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, মানবিক সহায়তা বাড়ানো, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন।

রোহিঙ্গা নেতারা বলছেন, এসব উদ্যোগ বাস্তবে রূপ পেলে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে তাদের মতে, মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা ছাড়া প্রত্যাবাসন টেকসই করা কঠিন।

মানববন্ধনে অংশ নেওয়া রোহিঙ্গাদের বক্তব্যে বারবার উঠে আসে নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের ক্যাম্পগুলোতেই বসবাস করছেন।

ইউসিআরের নেতারা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে অনির্দিষ্টকাল থাকতে চান না। তারা মিয়ানমারে নিজেদের বসতভিটায় ফিরতে চান। তবে সেই প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ।

তাদের দাবি, জাতিসংঘের এবারের অধিবেশনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসনের আগ পর্যন্ত শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধনে ইউসিআরের সভাপতি প্যানেলের সদস্য মাস্টার কিন মং রফিক, মাস্টার শোয়াইব, সাজেদা বেগমসহ সংগঠনটির অন্যান্য নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার রোহিঙ্গা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার