পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সামাজিক সম্প্রীতি ধরে রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
বৃহস্পতিবার বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় সরকারি সফরে গিয়ে পৃথক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সফরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্মীয় নেতা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি।
সীমান্তবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়ির বিশেষ গুরুত্ব রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এলাকার নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নেন সাচিং প্রু। সেখানে সীমান্ত নিরাপত্তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং চোরাচালান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় ১১ বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ এলাকার কাচারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যচাষীদের সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এছাড়া একটি বৌদ্ধবিহারে গিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় ধর্মীয় সহাবস্থান জোরদারের ওপর গুরুত্ব দেন।
সফরের শেষ পর্যায়ে স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্য মন্ত্রী। এ সময় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরা হলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক বাস্তবতায় পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সদ্য সংবাদ/এসএস