বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এরপর ৫ অক্টোবর তিনি মালয়েশিয়া সফরে যাবেন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন বিভাগের প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক।
এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। পরে ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় থাকবেন তিনি।
এই দুই দফা সফর চলাকালে, অথবা প্রধান বিচারপতি স্বীয় দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত, আপিল বিভাগের কার্যক্রমে প্রধান বিচারপতির দায়িত্ব পালনের জন্য বিচারপতি মো. রেজাউল হককে অনুমোদন দেওয়া হয়েছে।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ফলে প্রধান বিচারপতির বিদেশ সফরের সময় দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম বিচারপতি রেজাউল হকের নেতৃত্বেই পরিচালিত হবে।
সদ্য সংবাদ/এসএস