সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলোকে একটি সুস্পষ্ট কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে আয়োজিত অংশীজনদের পরামর্শ সভায় সাংবাদিকতার স্বীকৃতি ও সাংবাদিক কল্যাণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।
সভায় আগের আলোচনায় পাওয়া মতামতের ভিত্তিতে সংশোধিত খসড়ার বিভিন্ন বিষয় তুলে ধরে একটি উপস্থাপনাও করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নির্ধারিত অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত পেশাজীবীরাই পান, সে জন্য সাংবাদিক এবং গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা জরুরি। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা যাতে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত নন এমন কেউ গ্রহণ করতে না পারেন, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা যেতে পারে।
সাংবাদিক হিসেবে কারা স্বীকৃতি পাবেন, সেই বিষয়টি নির্ধারণে সুস্পষ্ট নীতিমালার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য বার কাউন্সিলের আদলে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা সম্ভব কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামত চান তিনি।
সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত অধিকার এবং সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন দিক নিয়েও মতামত দেন অংশীজনেরা। এর আগে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শের মাধ্যমে আইনটির খসড়া পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক এবং দৈনিক আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ ছাড়া সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এসএস