সেপ্টেম্বরজুড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ৭১টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের মধ্যে ৫৫টি পুরুষের, ১৫টি নারীর। অপর একটি মরদেহের বয়স ও লিঙ্গ শনাক্ত করা যায়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংগঠনটির নিজস্ব পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে এমএসএফ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে বিভিন্ন স্থানে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন আরও ৭৪ জন। আগস্টের তুলনায় মব সহিংসতায় মৃত্যুর সংখ্যা কমলেও এ ধরনের সহিংসতার ধারাবাহিকতা উদ্বেগের কারণ বলে মনে করছে এমএসএফ।
কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে কারাগারে থাকা ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এমন মৃত্যুর সংখ্যা ছিল ৯। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে সংগঠনটি।
রাজনৈতিক সহিংসতার চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে। সেপ্টেম্বরে রাজনৈতিক সংঘাত ও সহিংসতার বিভিন্ন ঘটনায় ৩৮৪ জন আহত হয়েছেন এবং অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া অশনাক্ত হামলার ঘটনায় আরও সাতজনের মৃত্যুর তথ্য পেয়েছে এমএসএফ।
সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ঘটনা আগের তুলনায় কিছুটা কমলেও সেপ্টেম্বর মাসে তাদের আইনি হয়রানির প্রবণতা বেড়েছে। এ মাসে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে নয়জন সাংবাদিক আইনি হয়রানির মুখে পড়েছেন।
এ ছাড়া ডিজিটাল বা সাইবার আইনে দায়ের হওয়া মামলার সংখ্যাও বেড়েছে। আগস্টে এ ধরনের মামলা ছিল তিনটি, যা সেপ্টেম্বরে বেড়ে আটটিতে দাঁড়িয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের সংখ্যাও তিনজন থেকে বেড়ে আটজনে পৌঁছেছে। এমএসএফের মতে, এসব পরিস্থিতি মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আনছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাতেও সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে প্রতিমা ভাঙচুরের ঘটনা এক মাসের ব্যবধানে ব্যাপকভাবে বেড়েছে। আগস্টে এমন ঘটনা ঘটেছিল একটি, সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০টিতে।
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও বেড়েছে সেপ্টেম্বর মাসে। এমএসএফের হিসাবে, এ ধরনের নথিভুক্ত ঘটনা আগস্টের ৩২৭টি থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩৫৪টিতে পৌঁছেছে। এর মধ্যে ধর্ষণ ও হত্যার ঘটনা ৫টি থেকে বেড়ে ১০টি, ধর্ষণচেষ্টা ২১টি থেকে ৩৬টি এবং শারীরিক নির্যাতনের ঘটনা ৪০টি থেকে ৫২টিতে উন্নীত হয়েছে। একই সময়ে অপহরণ ও নিখোঁজের ঘটনাও ১৪টি থেকে বেড়ে ২৭টিতে দাঁড়িয়েছে।
সদ্য সংবাদ/ এআর