প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরুর পর কুমিল্লা অংশে তাকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ।
বেলা ১১টার দিকে দাউদকান্দি সেতু অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। পরে আলেখারচর বিশ্বরোড হয়ে ফেনীর দিকে এগিয়ে যায় বহরটি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষও মহাসড়কের পাশে জড়ো হন। এ সময় হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা প্রধানমন্ত্রীর গাড়িবহরকে শুভেচ্ছা জানান।
কুমিল্লার নিমসার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে বড় জমায়েত দেখা যায়। তার দাবি, নির্বাচনী এলাকার প্রায় ২০ হাজার মানুষ সকাল ৮টা থেকে প্রধানমন্ত্রীর বহরের অপেক্ষায় ছিলেন। গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় উপস্থিত লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে ফেনীতে পৌঁছে একাধিক সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের প্রথম পর্যায়ের ফলক উন্মোচন করবেন তিনি। একই স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।
পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ পর্যায়ে ফুলগাজীতে সুবিধাভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণসংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সদ্য সংবাদ/এসএস