মিরপুর-১ এলাকার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে চার্জশিট দেওয়ার পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধের ক্ষেত্রে সরকার আলাদা কোনো দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে না। অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে।
তিনি বলেন, সমাজে অপরাধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা নয়। অপরাধ সংঘটিত হলে তা নিয়ন্ত্রণ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সরকারের দায়িত্ব। কোথাও দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে সেটিও সামনে আনার আহ্বান জানান তিনি।
এ সময় ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬৮ জনের মধ্যে সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেল পরীক্ষায় অনুপযুক্ত হওয়া এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার কারণে কয়েকজন বাদ পড়েছেন। এর মধ্যে ৬১১ জনের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে।
বাকি প্রার্থীদের নিয়োগ নিয়েও প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী সোমবার আরও ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত হয়েছে। অর্থাৎ ৬১১ জনের প্রজ্ঞাপনই শেষ নয়, পরবর্তী ধাপেও প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনো বাধা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, প্রার্থীদের যাচাই-বাছাই বা ভেরিফিকেশন সরকারি নিয়োগের নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম চূড়ান্ত প্রজ্ঞাপনে না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি আবেদন করার সুযোগ পাবেন।
৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে কেউ যেন অস্থিরতা তৈরির চেষ্টা না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। একজনের গায়ে আগুন দেওয়ার ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক বলে তথ্য পাওয়া গেছে।
এ ধরনের বক্তব্য বা উসকানিতে সাড়া না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস