জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেনের পাঠানো বার্তায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে স্পিকার প্রেস ব্রিফিং করবেন।
স্পিকারের এই সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে একাধিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এদিকে মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও ছিলেন। তার পদত্যাগের পাশাপাশি সংগঠনটির কমিটি বিলুপ্তির বিষয়টিও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস