শিশুদের অধিকার, সুরক্ষা ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত এ বছরের মনোনীতদের তালিকায় জয়া বণিকের নাম আসে। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার সুযোগ বাড়াতে তার বিভিন্ন উদ্যোগের বিষয়টি মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার ও কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
চার বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করছেন জয়া। তার কার্যক্রমের মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের নিরাপত্তা নিয়ে প্রচারাভিযান। স্থানীয় পর্যায়ের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এসব বিষয়ে নিয়মিত কাজ করে আসছেন তিনি।
জয়ার বিভিন্ন উদ্যোগে কয়েকটি বাল্যবিবাহ ঠেকানোর পাশাপাশি শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে পরিবারগুলোর মধ্যে সচেতনতা তৈরির কাজ হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমেও শিশু অধিকারবিষয়ক বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।
শুধু অনলাইন প্রচারণায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়েও শিশু ও বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন জয়া। কর্মশালা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরির বিষয়গুলো তুলে ধরছেন তিনি।
মনোনয়নের খবর পাওয়ার পর জয়া বণিক বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তিনি আনন্দিত। শিশুদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শিশু-কিশোরদের কাজকে বিশ্বপরিসরে স্বীকৃতি দেওয়াই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
সদ্য সংবাদ/এসএস