সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ বিষয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা ও যোগাযোগ চলছে। তাকে দেশে ফেরানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, ওই সময়ে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন। বর্তমান সরকার এসব ক্ষেত্রে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে বিএনপি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিলসহ প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিরা।
এবারের কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে মাগুরার চার উপজেলা থেকে নারী ও পুরুষ মিলিয়ে মোট আটটি দল অংশ নিয়েছে।
সদ্য সংবাদ/এসএস