রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বা ইউরেনিয়াম দেশে আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের আগে নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো নিশ্চিত করতে সময় প্রয়োজন বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস উপলক্ষে আয়োজিত ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ফকির মাহবুব আনাম বলেন, এটি বড় ও জটিল একটি প্রকল্প। কাজ এগিয়ে নেওয়ার সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কারিগরি সমস্যা দেখা দিতে পারে। এসব বিষয় ধাপে ধাপে সমাধান করে নিরাপত্তা নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রকল্পের বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। কোনো যন্ত্রে সমস্যা দেখা দিলে সেটি পরীক্ষা করে পুনরায় চালু করতে সময় লাগে। আবার উচ্চ তাপমাত্রায় কাজ করার পর যন্ত্রপাতি ঠান্ডা করতেও নির্দিষ্ট সময় প্রয়োজন হয়।
রূপপুরকে আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উল্লেখ করে মন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের বিষয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও তিনি জানান।
জ্বালানি সরবরাহ নিয়ে কোনো জটিলতা রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি জানান, এ নিয়ে কোনো সংকট নেই। রূপপুরের জ্বালানি সরবরাহের বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে রূপপুরের জ্বালানি বহনকারী বিশেষ কার্গো বিমানের বাংলাদেশে আসার সূচি নিয়ে জটিলতার খবর প্রকাশিত হয়েছিল। পরে সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানিবাহী বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে এবং শুক্রবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহের সময়সীমা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বড় প্রকল্পে আগে থেকে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা সবসময় সম্ভব হয় না। অনাকাঙ্ক্ষিত কারিগরি সমস্যার কারণে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কিছুটা বিলম্ব হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে