জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৈশভোজের আয়োজন করা হয় জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে। এর আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
নৈশভোজের কয়েক দিন পর শনিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মাধ্যমে ছবিগুলো বাংলাদেশের গণমাধ্যমের কাছেও পাঠানো হয়েছে।
প্রকাশিত ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়।
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। সফরে তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমানসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেন তিনি।
সদ্য সংবাদ/এসএস