নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি দুটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সামরিক বিষয়ক গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।
সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠেয় ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’- এ অংশ নেবেন সেনাপ্রধান। আন্তর্জাতিক এই আয়োজনে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ হবে তার।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শনেরও কথা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের।
এরপর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন সেনাপ্রধান। সেখানে অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন-এ অংশগ্রহণ করবেন তিনি।
সফর চলাকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক সামরিক আয়োজন ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হয়।
সদ্য সংবাদ/এসকে