টেকসই নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস-২০২৬। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভায় দেশের আবাসন ব্যবস্থা, নগরায়ণের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সবার জন্য নিরাপদ ও টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
বিশ্বজুড়ে প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং বসবাসযোগ্য নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই দিবসটি পালন করা হয়।
সদ্য সংবাদ/এসকে