দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিরোধী দলকে দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা শুধু সরকারের সমালোচনায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। রাষ্ট্রের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সঙ্গে সরকারের কার্যকর সম্পর্ক তৈরিতে বিরোধী দলের ইতিবাচক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের চর্চায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। এই ধারাবাহিকতা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির পথকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংসদ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে সরকারের যোগাযোগ আরও কার্যকর করতে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে সরকার ও বিরোধী উভয় পক্ষকেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সাক্ষাতে বাংলাদেশ ও মন্টেনিগ্রোর সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। গর্ডান স্টোজোভিক দুই দেশের আইনসভার মধ্যে অভিজ্ঞতা ও কার্যকর সংসদীয় চর্চা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
মন্টেনিগ্রোর পার্লামেন্টের কাঠামো তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের মতো তাদের আইনসভাও এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে মোট ৮১ জন সদস্য রয়েছেন।
দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের আগ্রহের কথাও জানান গর্ডান স্টোজোভিক। এর মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্টেনিগ্রোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল দুই দেশের পার্লামেন্টের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্টেনিগ্রোর সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। গর্ডান স্টোজোভিক জানান, দেশটির সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস