রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের কাজে সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে দেননি।
বিমানের প্রধান কার্যালয়ের ফটকে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের জানিয়ে দেন, বর্তমানে ভেতরে প্রবেশের অনুমতি নেই। ফলে তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের কার্যালয়ের বাইরে থেকেই ফিরে আসতে হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, এমডি আগামী দুই দিন কোনো সাংবাদিককে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে হঠাৎ করে সাংবাদিকদের প্রবেশে এ ধরনের বিধিনিষেধ আরোপের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সাংবাদিকদের অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কয়েকজন সাংবাদিক পৃথক বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলাকা কার্যালয়ে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে দেন। পরে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা না বলেই তাঁদের ফিরে যেতে হয়।
এদিকে, সাংবাদিকদের প্রবেশ বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের নিয়মিত পেশাগত দায়িত্বের অংশ। এ অবস্থায় কোনো কারণ না জানিয়ে দুই দিনের জন্য সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে কেন এবং কোন পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস