দেশের খুচরা বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে নজরদারি বাড়িয়ে অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা সরবরাহে কৃত্রিম সংকট তৈরির মতো কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের সম্ভাব্য সিদ্ধান্ত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সিদ্ধান্তে ব্যক্তি, সংগঠন বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও সরকারের মূল বিবেচনা থাকবে জনস্বার্থ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের অবস্থান সম্পর্কে অবহিত ও আশ্বস্ত করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে হামলার ঘটনায় ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও সরকারের আগ্রহের কথা জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন কিংবা অন্য কোনো দেশ করবে কি না, সেটি আলাদা বিষয়। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সরকার আগ্রহী।
জুলাইয়ের গণহত্যা নিয়ে যাদের কোনো অনুশোচনা নেই এবং যারা এখনও হুমকি দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যারা মীমাংসার কথা বলছেন, তাদের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বৈশ্বিক নানা সংকটের মধ্যেও গত সাত মাসে বাংলাদেশ থেকে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক মিরপুরের ঘটনার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, জনগণের ভোগান্তি বা অনিয়ম কোনোভাবেই সরকার সহ্য করবে না। সরকারি দলের পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম করলে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে তার দায় সরকারকেই নিতে হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে সরকারের প্রতি মানুষের সমর্থন কমে যেতে পারে। একই সঙ্গে দেশের চলমান সংকটগুলো জনগণকে বোঝার আহ্বান জানান তিনি। জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হলে অনেক সমস্যার সমাধান সহজ হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
সদ্য সংবাদ/এসকে