জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ২০:৩০:৪১
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, যোদ্ধাদের সুরক্ষা এবং আন্দোলনকালে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতিনিধিরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতিনিধিরা অংশ নেন। মোট ৬৩ জন এতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অংশ নেওয়ার জন্য ৬৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের সবাই উপস্থিত হননি। অন্যদিকে, আমন্ত্রণ না পেয়েও ১৪ জন সভায় যোগ দেন।

সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষার দাবি

সভায় অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক সুরক্ষা, জুলাই অভ্যুত্থানের দায়মুক্তি এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি কেউ কেউ নিজেদের সুযোগ-সুবিধার বিষয়েও কথা বলেন।

জুলাই যোদ্ধাদের ভাতা বাড়ানো, আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের যেন আইনি হয়রানির মুখে পড়তে না হয় এমন দাবিও সভায় উঠে আসে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের বিষয়গুলো যেন সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করা হয়, সে দাবি এসেছে। কেউ কেউ সরাসরি প্রস্তাবনায় এটি রাখার কথাও বলেছেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে অংশগ্রহণকারী সকল দল এবং শক্তি যেভাবে ঐকমত্য হয়েছে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের প্রস্তাবনাটাও আমরা আজকে লিপিবদ্ধ করব।’

তফসিলে জুলাই যোদ্ধাদের সুরক্ষা

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ-সংক্রান্ত অধ্যাদেশ ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। এখন সাংবিধানিকভাবেও বিষয়টি তফসিলের নির্দিষ্ট স্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষার বিষয়টি সংবিধানে ধারণ করা সম্ভব হবে।

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবির বিষয়ে তিনি বলেন, সভায় সবাই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলেছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিচার স্বাধীনভাবে চলছে এবং আদালত প্রচলিত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত ও প্রসিকিউশনসহ সংশ্লিষ্ট কাজে সরকার দ্রুততার সঙ্গে সহযোগিতা করবে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা জুলাই গণ-অভ্যুত্থানের জাতীয় ঘোষণাপত্র দীর্ঘ ছয়-সাত মাসের আলোচনা শেষে প্রণয়ন করা হয়েছে। ওই ঘোষণাপত্রের অনেক বিষয় সব রাজনৈতিক দল স্বীকৃতি দিয়েছে। ফলে এর সাংবিধানিক স্বীকৃতি দিতে গেলে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গও সেখানে আসবে।

তিনি বলেন, ঘোষণাপত্রের বিষয়গুলো সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত করা হবে, তা নির্দিষ্ট করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট তফসিলে জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি রাখার কথা বলা হয়েছে। এটি হলে জুলাই যোদ্ধারা দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা পাবেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্দেশ্যেই সংবিধান সংশোধন কমিটি বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিদ্ধান্ত হয়নি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, কী প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হবে এসব বিষয় সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এ জন্য একটি বিল আনা হবে। বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও প্রস্তাব নেওয়া হচ্ছে।

তিনি জানান, সামনে আইনজীবী, বিচারক, সুপ্রিম কোর্ট বার, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গেও আলোচনা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনে যে বিষয়ে একমত হওয়া হয়েছিল, সেখানে দুটি পদ্ধতি রয়েছে। এর বাইরে আরেকটি পদ্ধতির বিষয় সংসদে আলোচনা করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। প্রথমটি সম্ভব না হলে দ্বিতীয়টি এবং সেটিও সম্ভব না হলে তৃতীয় পদ্ধতি বিবেচনায় নেওয়া হবে। তবে রাষ্ট্রপতির বিধানকে সর্বশেষ বিকল্প হিসেবে রাখার প্রস্তাব তাঁরা গ্রহণ করেননি।

তিনি বলেন, পুরো প্রক্রিয়া এখনো শেষ বা চূড়ান্ত হয়নি। বিরোধী দল কিংবা সমাজের বিশেষজ্ঞদের কাছ থেকেও নতুন প্রস্তাব আসতে পারে। সেসব পর্যালোচনা করে এমন একটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তৈরি করতে চান, যা বিতর্কের ঊর্ধ্বে থাকবে।

রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ বিকল্প হিসেবে রাখার বিষয়টি কমিটির প্রস্তাব ছিল না বলেও জানান তিনি। তাঁর মতে, অতীতে এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানে রাষ্ট্রপতিকে না রাখাই ভালো।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও আইনমন্ত্রী আসাদুজ্জামান, সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক এবং সাকিলা ফারজানা।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশিদের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশিদের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ