সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের অনিয়ম, চাঁদাবাজি ও কথিত প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, নতুন কমিটির উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি শ্রমিক ও যাত্রীদের স্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
রিজভী বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবহন খাতকে ঘিরে দীর্ঘদিন ধরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে, নতুন নেতৃত্ব তা ভাঙতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তার মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় নতুন চিন্তা ও পরিকল্পনা যুক্ত করা হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে খাতটিকে আরও নিয়মতান্ত্রিক ও আইনসম্মত কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ যাত্রীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়েও নতুন কমিটিকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে সড়ক পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, রাজনীতিবিদদের ওপর দায়িত্ব এলে রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে গত ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটানোর কথাও বলেন তিনি।
সদ্য সংবাদ/এসকে