অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও দেশের জনগণের সমর্থন রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা-যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ওই কমিটিতে ভারতীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের পক্ষে রয়েছে। পাশাপাশি এ দাবির প্রতি দেশের জনগণেরও পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি আরও জানান, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের উদ্যোগ নিয়েও বাংলাদেশ কাজ করছে। প্রস্তাবিত সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।
ভবিষ্যতে পানি নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের কার্যকরভাবে যুক্ত করতে হবে। বিজ্ঞান, আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যতের ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সদ্য সংবাদ/এসকে