রাজপথে লাঠি হাতে নয়, জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলা করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, দেশের জনগণই তাদের সবচেয়ে বড় শক্তি এবং তারাই ষড়যন্ত্র প্রতিহত করবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ এলাকায় ওয়ার্ডপর্যায়ে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ যেভাবে লাঠি হাতে রাস্তায় নামত, সেই ধরনের রাজনীতি তারা করতে চান না। জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে চান তারা।
এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সিটি করপোরেশনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবার কাজ এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করলে আরও ভালো ফল পাওয়া সম্ভব।
ডিএসসিসি প্রশাসক দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের রাজস্ব আয় বেড়েছে। একই সঙ্গে বিরোধী দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে উৎখাতের কথা বলা হচ্ছে। যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। এর আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, দেশে আবারও ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়- এমন কোনো কর্মকাণ্ড বা যোগসাজশ কাম্য নয়। বিরোধী দল নির্বাচনের সময় বিপুল অর্থ ব্যয় করেছে দাবি করে সেই অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আব্দুস সালাম বলেন, বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না। বিরোধী দল বিএনপিকে ভয় পায় বলেই সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে।
রাজধানীর নাগরিক সেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে চান তারা। এ লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।
সদ্য সংবাদ/এসকে