চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিতে ১৫ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির ফলে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্য খালাসের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক বন্দরগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি জানান, বর্তমানে কনটেইনার খালাসে যে সময় লাগে, তা কমিয়ে তিন থেকে চার দিনের মধ্যে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও দক্ষ বন্দরসেবা নিশ্চিত করতে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
নৌপরিবহনমন্ত্রী বলেন, চুক্তিটির মেয়াদ ১৫ বছর। পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতি থাকলে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে কোনো পক্ষ আপত্তি জানালে মেয়াদ আর বাড়ানো হবে না।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশ যে আর্থিক সুবিধা পাবে, তা জাতীয় স্বার্থে কাজে লাগানো হবে। একই সঙ্গে পণ্য দ্রুত খালাস হওয়ায় ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে। এর ফলে দেশের বাণিজ্য খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠবে।
ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টর ও চেয়ারম্যান ইসা কাজিম বলেন, চুক্তির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও কার্যকর হবে। পাশাপাশি দেশের বৃহত্তর লজিস্টিকস খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ডিজিটাল লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নেও ডিপি ওয়ার্ল্ড সহযোগিতা করতে পারে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম সহজ করার পাশাপাশি স্বচ্ছতা বাড়ানো এবং পণ্য পরিবহনের প্রক্রিয়া আরও কার্যকর করা সম্ভব হবে।
সদ্য সংবাদ/এসকে