ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আগামী সোমবার (১২ অক্টোবর) চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। একই দিন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি এগিয়ে চলছে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং ইউপি নির্বাচনের সময়সূচিও চূড়ান্ত করা হবে।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হয়। বাংলাদেশের পোস্টাল ভোটিং এবং দেশের বাইরে অবস্থানরত ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে নেপালের নির্বাচন কমিশন।
এ বিষয়ে নেপালের প্রতিনিধি দলের সদস্য রাজীব সুব্বা জানান, বাংলাদেশের পোস্টাল ভোটিংসহ দেশের বাইরে ভোটদানের ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগাতে তাদের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
অন্যদিকে, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও ভোটার প্রশিক্ষণসহ নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইউরোপীয় ইউনিয়নও আগ্রহ দেখিয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ।
দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনায় আরও আধুনিক ও কার্যকর পদ্ধতি যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সদ্য সংবাদ/এসকে