ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনের লক্ষ্যে আলেমসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহত্তর স্বার্থে আলেমদের বিভাজন কাটিয়ে একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলেমদের উদ্দেশে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একটি পিঁপড়াও একা চলাচল করে না, এমনকি জঙ্গলে হাতিও একা হাঁটে না। অথচ আলেমসমাজ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঐক্যই শক্তিতে রূপ নেবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক ধর্ম উপদেষ্টা আরও বলেন, কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা সম্ভব নয়। তাই কোনো বড় লক্ষ্য অর্জনের আগে নিজেদের অবস্থান কতটা শক্ত, তা নিশ্চিত করা জরুরি।
রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ওয়াজ মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত হলেও তাদের সবাই ভোটার নন। এখানেই একটি ভুল থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে ফিফটি পারসেন্ট ভোট পেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল মিলে ভোট দাঁড়ায় ৩৫ পারসেন্ট। সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না। এত আস্ফালন কিসের? আশা করি ২০৩১ সালে পরিস্থিতি বদলে যাবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বাদ দিলে ৫.৫৫ পারসেন্ট ভোট পেয়েছি আমরা। সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আবার লম্বা লম্বা কথা বলে।’
সদ্য সংবাদ/ এআর