বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বৈশ্বিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে প্রতিষ্ঠানটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন এবং লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিষয়টিও উঠে আসে।
চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বাড়বে।
বৈঠকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহ জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈঠকে দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্যের প্রসার এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
সদ্য সংবাদ/এসকে