রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে সোচ্চার এক রাজনৈতিক নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের সমর্থন নেই বলে তিনি মনে করেন। অথচ একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব অটোরিকশা চলাচলের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
এ সময় রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ডিএনসিসির কঠোর অবস্থানের কথাও জানান প্রশাসক। তিনি বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে অবৈধভাবে কেউ যাতে ব্যবসা পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
মিল্টন বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নগরবাসী যা চান না, সিটি করপোরেশন এমন কোনো পদক্ষেপ নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ফুটপাতের হকারদের নিয়ে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল হকারদের ডেকে বিভিন্ন ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে।
জনস্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে মিল্টন বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে এ ধরনের তৎপরতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সিটি করপোরেশন।
সদ্য সংবাদ/এসকে