রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে নয়, বরং একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
রাত আড়াইটার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট উদ্ধার করা ককটেলটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে