দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। পাশাপাশি আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক চালুর কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার মস্কোয় শুক্রবার বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহৃত VVER-1200 রিঅ্যাক্টর থেকে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। তাঁর মতে, প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বৈঠকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটির পরবর্তী ধাপের কাজ এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পারমাণবিক জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এর দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটি পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে