পবিত্র মক্কা ও মদিনায় কোনো হামলা হলে বাংলাদেশ সেখানে বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে শুধু শ্রমশক্তি রপ্তানির সম্পর্ক নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য, সৌদি আরবের বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে।
সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর মাধ্যমে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।
সেমিনারে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ভবিষ্যৎ, বিনিয়োগের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সদ্য সংবাদ/এসকে