উচ্চশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, গবেষণার পরিবেশ উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষতা অর্জনে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করা এবং গবেষণার পরিসর বাড়াতে বাজেট বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে এআই নিয়ে কাজ করার সুযোগ তৈরি করতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান আইইউটির সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানানো হয়। তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখা, জ্ঞান অর্জনে আগ্রহ ধরে রাখা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও বৃহত্তর মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদও উপস্থিত ছিলেন। তারা গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানো, নৈতিকতা বজায় রাখা এবং নিয়মিত শেখার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন।
এবারের সমাবর্তনে ওআইসির ১৬টি সদস্য দেশের মোট ৬৫৯ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫৫ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৯ জন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৭ জন এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২৬ জন ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগ থেকে ৫৭ জন এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগ থেকে ২৫ জন গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন।
একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সুমাইয়া আহমেদ রানীকে ‘ওআইসি গোল্ড মেডেল’ দেওয়া হয়। এ ছাড়া আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লবিব ও তাসফিয়া মাহমুদকে ‘আইইউটি গোল্ড মেডেল’ প্রদান করা হয়।
সদ্য সংবাদ/এসএস