প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৪:০১:৪১
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জ্বালানি সরবরাহ, কৃষি উন্নয়ন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। একই সঙ্গে কারিগরি শিক্ষা, নার্সিং প্রশিক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশের ওপর রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি অবস্থানের প্রভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। এ বিপুল জনগোষ্ঠীর কারণে দেশের অর্থনীতি, পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। তবে সংকটের কার্যকর সমাধানের জন্য তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। যেহেতু এ সংকটের সূত্রপাত মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজতে হবে। কানাডার প্রতিমন্ত্রীও রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার সঙ্গে একমত হন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কানাডার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ দেখায় কানাডা। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানানো হয়।

দক্ষ জনশক্তি তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সহায়তা দিতে চায় কানাডা। পাশাপাশি নার্সিং শিক্ষার মান উন্নয়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দক্ষ নার্স তৈরির উদ্যোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ডাল ও তৈলবীজের উৎপাদন এবং সরবরাহব্যবস্থা উন্নত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কানাডার সহযোগিতা চায় বাংলাদেশ। এ সময় আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিআইএমএমওয়াইটি) মাধ্যমে পরিচালিত কার্যক্রমের বিষয়েও অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।

কৃষকদের সরকারি সহায়তা আরও সহজলভ্য করতে প্রস্তাবিত কৃষক কার্ড কর্মসূচির বিষয়টি তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, এ কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে কৃষকদের তথ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি পরিকল্পনা প্রণয়ন এবং সহায়তা বিতরণে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানো সম্ভব হবে। এ ক্ষেত্রে কানাডার তথ্য ব্যবস্থাপনা ও উপাত্তনির্ভর পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।

সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচিগুলোর লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করা এবং ফ্যামিলি কার্ডের সঙ্গে সমন্বয় ঘটানোর মাধ্যমে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার সুযোগ রয়েছে। সরকারের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়িয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগও বৈঠকে আলোচনায় আসে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথা তুলে ধরা হয়। কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহ রয়েছে। এ তহবিল থেকে বাংলাদেশ সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি কৌশলগত অংশীদারত্বের নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে কানাডায় বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের অবদান তুলে ধরেন রণদীপ সরাই। তাদের কর্মদক্ষতা, উদ্যোগ ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি। কানাডার সংসদে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সদস্যের দায়িত্ব পালনের বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কানাডার পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অজিত সিং এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব