শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বিজিবি সদস্যরা।
সাম্প্রদায়িক উসকানি, গুজব ছড়ানো কিংবা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে দ্রুত তা শনাক্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, দেশের সীমান্তবর্তী এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং বিভিন্ন ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি থাকা মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তা সহায়তা দেবেন বিজিবির সশস্ত্র সদস্যরা। পাশাপাশি দুর্গম ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকায় দ্রুত টহল এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়েও প্রস্তুতি রয়েছে বাহিনীটির। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ঢাকায় বিজিবির সদস্যসংখ্যা ও দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হবে। এ জন্য বিজিবির বিশেষ দ্রুত প্রতিক্রিয়া দলও প্রস্তুত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, দুর্গাপূজা দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিজিবি সদস্যরা সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবেন।
সদ্য সংবাদ/ এআর