যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচির অভিযোগ উঠেছে।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিমানবন্দরের লবিতে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের কাছে হঠাৎ এগিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজন ব্যক্তি। এ সময় তারা উচ্চস্বরে নানা প্রশ্ন করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
ঘটনাস্থলে তাদের ‘Why you come here’- অর্থাৎ, ‘আপনি এখানে কেন এসেছেন’- এমন মন্তব্য করতেও শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গ্রেপ্তার-সংক্রান্ত বিষয় নিয়েও তাকে উদ্দেশ করে কটূক্তি করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ড. ইউনূসের সফরসঙ্গীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময়ও তার আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের খবর প্রকাশিত হয়।
ওই সফরে ড. ইউনূসের সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক নেতাও হেনস্তার শিকার হয়েছিলেন বলে সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
সর্বশেষ ঘটনায় বিমানবন্দরে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
সদ্য সংবাদ/এসকে