যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান।
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে।
জাহেদ উর রহমান আরও বলেন, সরকার প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেএফকে বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে আছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে গিয়ে উচ্চস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। তাঁরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও স্লোগান দেন তাঁরা।
একপর্যায়ে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. ইউনূস। এ ঘটনায় সরকার আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেও অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি।
সদ্য সংবাদ/এসকে