স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো কলঙ্ক নিতে চায় না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে আগামী বছরের জুনের মধ্যে সব নির্বাচন আয়োজনের উপযুক্ত তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই জানাবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে নির্বাচনগুলো সম্পন্ন করা না গেলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যাবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে সরকার।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে মীর শাহে আলম বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ও প্রশাসন নির্বাচনে বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
গ্রাম পুলিশের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব
সংবাদ সম্মেলনে গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এসব বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে। গ্রাম পুলিশ আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। তাদের দাবি ও প্রত্যাশা পর্যালোচনা করে বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনা করবে সরকার।
আগামী ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মহাসমাবেশে তাঁদের দাবিদাওয়া ও প্রত্যাশা জানার সুযোগ তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য
দেশের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মীর শাহে আলম বলেন, স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।
সদ্য সংবাদ/এসকে