বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের সুযোগ নিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো বা বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সরকারের দুই মন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ হুঁশিয়ারি দেন। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এলপিজি ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, এলপিজি বেসরকারি খাতনির্ভর একটি ব্যবসায়িক পণ্য। বাজারে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, নিজেদের ব্যবসায়িক স্বার্থে এলপিজির বাজারে সংকট তৈরি বা বিদ্যমান পরিস্থিতির অপব্যবহার করলে সরকার তা বরদাশত করবে না।
এ সময় এলপিজি ব্যবসায়ীদের প্রতি যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান দুই মন্ত্রী। তাঁদের মতে, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসকে