শিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং কারিগরি শিক্ষার উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তিন দিনের সফরে চীন গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৪ অক্টোবর) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
সফরের অংশ হিসেবে চীনের তিয়ানজিনে আয়োজিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বেও অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে চীনের সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচিও রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
সদ্য সংবাদ/এসএস